নতুন আইডিয়া খুঁজছেন? একটু পেছনে তাকান

By Adnan Dewan · Sep 30, 2026, 5:40 PM

0readers
Share
Add to a BlogBook

নতুন একটা প্রজেক্ট হাতে এসেছে। আপনি বসে আছেন, কিন্তু শুরু করবেন কোথা থেকে বুঝতে পারছেন না। নতুন আইডিয়া খুঁজছেন, অন্যরা কী করেছে দেখছেন, হয়তো গুগলেও সার্চ করছেন। কিন্তু একটা জায়গায় তাকাচ্ছেন না:আগে এমন কিছু কখনও করেছেন কি না। অথচ উত্তরটা সেখানেই থাকতে পারে।

ধরুন, আপনি এখন একটা মার্কেটিং ক্যাম্পেইন বানাচ্ছেন। মাথায় কিছুই আসছে না। হঠাৎ মনে পড়ল, দুই বছর আগে একটা ক্যাম্পেইন করেছিলেন, যেটা বেশ ভালো কাজ করেছিল। তখন কী করেছিলেন? কোন কথাটা মানুষ মনে রেখেছিল? কোন জায়গায় ভুল হয়েছিল? মানুষ কেন সাড়া দিয়েছিল? পুরোনো ক্যাম্পেইনটা হুবহু ব্যবহার করার দরকার নেই। ভাবুন, সেখানে এমন কী ছিল, যেটা আজও কাজে লাগতে পারে। এটাই আসল ব্যাপার। অতীত থেকে সমাধান কপি করার দরকার নেই; অতীত থেকে শেখা দরকার।

আর শুধু সফলতার কথাই নয়, ব্যর্থতার কথাও মনে করুন। আগের একটা প্রোডাক্ট লঞ্চ ভালো হয়নি। অনেক টাকা খরচ হয়েছিল, কিন্তু মানুষ প্রোডাক্টটা কেন দরকার, সেটাই বুঝতে পারেনি। এবার নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করার সময় হয়তো আপনি আগে মানুষের সমস্যাটা বুঝবেন। কারণ আগের ব্যর্থতা আপনাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।

আমরা অনেক সময় ভাবি, নতুন সমস্যা মানেই নতুন সমাধান দরকার। আসলে সমস্যাটা নতুন হলেও তার ভেতরের কিছু বিষয় পুরোনো হতে পারে। একটা দলকে একসঙ্গে কাজ করাতে হচ্ছে? এর আগে নিশ্চয়ই এমন কিছু করেছেন। মানুষকে নতুন কিছু ব্যবহার করাতে হচ্ছে? এর আগেও কাউকে রাজি করিয়েছেন। একটা জটিল কাজকে ছোট ছোট অংশে ভাগ করতে হচ্ছে? অন্য কোনো প্রজেক্টে হয়তো আগেই সেটা করেছেন।

এমনকি সম্পূর্ণ ভিন্ন কাজ থেকেও আইডিয়া আসতে পারে। ধরুন, এখন আপনি একটা কাস্টমার সার্ভিস কিভাবে হবে সেটা ঠিক করছেন। কয়েক বছর আগে আপনি বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন। দুটো কাজ একেবারেই আলাদা। কিন্তু সেই অনুষ্ঠানে কয়েকশ মানুষের প্রশ্ন, রেজিস্ট্রেশন এর দায়িত্ব কীভাবে সামলেছিলেন, সেটা মনে করুন। তখনকার কোনো পদ্ধতি হয়তো আজকের সমস্যার একটা অংশ সমাধান করতে পারে। সমস্যা আলাদা হতে পারে। কিন্তু প্যাটার্ন একই হতে পারে।

তাই নতুন কোনো সমস্যায় পড়লে শুধু “এখন কী করব?” না ভেবে আরেকটা প্রশ্ন করুন “এর কাছাকাছি কোনো সমস্যার মুখোমুখি আমি আগে হয়েছিলাম কি?” তারপর ভাবুন, তখন কী কাজ করেছিল, কী করেনি, কেন করেনি। আগের বস হলে কীভাবে বিষয়টা দেখতেন? আগের কোনো সহকর্মী কীভাবে সমাধান করতেন? পুরোনো কোনো প্রজেক্টের কোন পদ্ধতিটা এখানে ব্যবহার করা যায়?

তবে পুরোনো অভিজ্ঞতাকে নিয়ম হিসেবে দেখবেন না। আগে কাজ করেছে বলেই এবারও করবে, এমন নয়। বরং সেটাকে একটা সম্ভাবনা হিসেবে দেখুন। ছোট করে চেষ্টা করুন, ফলাফল দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।

পরেরবার নতুন কোনো সমস্যায় পড়লে পাঁচ মিনিট সময় নিয়ে তিনটা পুরোনো অভিজ্ঞতা লিখে ফেলুন। প্রতিটির পাশে লিখুনঃ কী কাজ করেছিল, কী করেনি এবং সেখান থেকে এখন কী নেওয়া যায়। তারপর সবচেয়ে ছোট একটা ধারণা নিয়ে পরীক্ষা করুন।

হয়তো আপনার পরের ভালো আইডিয়াটা নতুন কোথাও নেই। সেটা হয়তো আপনার আগের চাকরিতে ছিল, কোনো পুরোনো প্রজেক্টে ছিল, কিংবা এমন কোনো ব্যর্থতার মধ্যে ছিল যেটাকে আপনি এতদিন শুধু ব্যর্থতা হিসেবেই দেখেছেন।

নতুন কিছু ভাবার আগে তাই একবার পেছনে তাকান। কারণ কখনও কখনও নতুন পথ খুঁজে পাওয়ার জন্য সামনে যাওয়ার চেয়ে পুরোনো অভিজ্ঞতাকে নতুন চোখে দেখাই বেশি কাজে দেয়।

Sources

  • Personal Insights
  • Keith Thomson

About the writer

Adnan Dewan

Adnan brings 12+ years of work across startups, innovation programs, and young founder development in Bangladesh. He is working with Startup Bangladesh Limited and has worked with the iDEA project, guiding startups and helping run national ecosystem programs such as Student to Startup.

Knowledge layer

Connected notes

Add evidence, a correction, or useful context. STS reviews every note before it appears; this is not a comment thread.

Loading notes…