উত্তরটা জানি, নাকি সত্যিই বুঝি?
By Adnan Dewan · Oct 25, 2026, 2:01 AM

কেউ যদি আমাদের জিজ্ঞেস করে, জুতা হাঁটতে হাঁটতে ক্ষয়ে যায় কেন, আমরা হয়তো সঙ্গে সঙ্গে বলব, ঘর্ষণের কারণে। উত্তরটি ভুল নয়। কিন্তু ঘর্ষণ আসলে কীভাবে জুতার চামড়া ক্ষয় করে, সেটা কি আমরা ব্যাখ্যা করতে পারব? রাস্তার ছোট ছোট উঁচুনিচু অংশ জুতার সঙ্গে ঘষা খায়, চামড়ার ক্ষুদ্র অংশ টেনে তুলে নেয়, আর এভাবেই ধীরে ধীরে জুতা ক্ষয়ে যায়। প্রথম উত্তরটি একটি নাম জানায়। দ্বিতীয়টি ঘটনাটি বুঝতে সাহায্য করে। কোনো কিছুর নাম জানা আর সেটি কীভাবে কাজ করে তা বোঝা এক বিষয় নয়।
পরিচিত শব্দ ব্যবহার করলেই কি আমরা বিষয়টি বুঝে ফেলি?
আমরা প্রায়ই কোনো ঘটনার ব্যাখ্যায় এমন কিছু শব্দ ব্যবহার করি, যেগুলো শুনতে যথেষ্ট যুক্তিযুক্ত। কোনো মেশিন বন্ধ হয়ে গেলে বলি, যান্ত্রিক সমস্যা। কর্মীদের কাজের আগ্রহ কমে গেলে বলি, মোটিভেশনের অভাব। বিক্রি কমে গেলে বলি, মার্কেট খারাপ। কিন্তু এসব শব্দ কি আমাদের আসল কারণ বুঝতে সাহায্য করছে? নাকি শুধু সমস্যাটির একটি নাম দিয়ে আমরা থেমে যাচ্ছি? একটি ভালো ব্যাখ্যা আমাদের বুঝতে সাহায্য করে, ঠিক কী ঘটছে এবং কেন ঘটছে।
সত্যিই বুঝেছি কি না, তা যাচাই করার সহজ উপায় আছে।
কোনো বিষয় বোঝার দাবি করলে সেটি নিজের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। বইয়ের সংজ্ঞা বা পরিচিত শব্দ ব্যবহার না করে বলতে পারি, বিষয়টি বাস্তবে কীভাবে কাজ করে। যেমন, আমরা যদি বলতে পারি একটি স্টার্টআপের আয় কীভাবে তৈরি হয়, কাস্টমার কেন টাকা দেন এবং কোন খরচগুলো বাদ দিলে লাভ থাকে, তাহলে ব্যবসার মডেলটি সম্পর্কে আমাদের বাস্তব ধারণা আছে কি না বোঝা সহজ হবে। নিজের ভাষায় ব্যাখ্যা করতে গিয়ে যদি আটকে যাই, তাহলে সেটি আরও শেখার সুযোগ তৈরি করে।
বাস্তবে যে কোন কিছু পর্যবেক্ষণ করলে এমন অনেক কিছু শেখা যায়, যা শুধু পড়ে শেখা কঠিন।
একটি খেলনা গাড়ি কীভাবে চলে, তা বোঝার জন্য শুধু বইয়ের ব্যাখ্যা পড়ার বদলে গাড়িটি খুলে দেখা যায়। কোন অংশটি নড়ে, কোন অংশটি শক্তি সঞ্চয় করে এবং কোন অংশের নড়াচড়া চাকার কাছে পৌঁছায়, তা পর্যবেক্ষণ করা যায়। একইভাবে, একটি ব্যবসা কীভাবে চলে তা বুঝতে শুধু ব্যবসার সংজ্ঞা মুখস্থ না করে অর্ডার আসা থেকে পণ্য পৌঁছানো এবং টাকা পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি অনুসরণ করতে পারি। বাস্তব প্রক্রিয়াটি দেখলে অনেক প্রশ্ন সামনে আসে, আর সেই প্রশ্নগুলো থেকেই গভীর বোঝাপড়া তৈরি হয়।
নতুন পরিস্থিতিতে জ্ঞান কাজে লাগাতে পারলেই বোঝাপড়ার পরীক্ষা হয়।
আমরা কোনো সূত্র মুখস্থ রাখতে পারি, কিন্তু প্রশ্নের ধরন একটু বদলে গেলে যদি সেটি প্রয়োগ করতে না পারি, তাহলে আমাদের জ্ঞান হয়তো খুব সীমিত। একজন উদ্যোক্তা আগের অভিজ্ঞতা থেকে জানেন কীভাবে বিজ্ঞাপন চালিয়ে কাস্টমার আনতে হয়। কিন্তু বিজ্ঞাপনের খরচ বেড়ে গেলে, নতুন প্রতিযোগী এলে কিংবা কাস্টমারের আচরণ বদলে গেলে তিনি কী করবেন? তখন আগের পদ্ধতি হুবহু অনুসরণ না করে ব্যবসার মূল বিষয়গুলো বুঝে নতুন সমাধান তৈরি করতে হয়। বাস্তব জ্ঞান আমাদের শুধু পরিচিত প্রশ্নের উত্তর দেয় না, নতুন প্রশ্নের মুখোমুখি হতেও সাহায্য করে।
নিজের ধারণাকে যাচাই না করলে আমরা নিজেরাই নিজেদের ভুল বোঝাতে পারি।
কোনো সমাধান ঠিক মনে হলেই সেটিকে সত্য ধরে নেওয়া উচিত নয়। আগে অনুমান করতে পারি, ফলাফলটি মোটামুটি কেমন হওয়ার কথা। তারপর হিসাব, পরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে সেটি যাচাই করি। যেমন, একটি নতুন ফিচার চালু করলে কতজন কাস্টমার ব্যবহার করবেন বলে আমাদের ধারণা, তা আগে লিখে রাখা যায়। পরে বাস্তব ফলাফলের সঙ্গে তুলনা করলে বোঝা যাবে, আমাদের অনুমান কতটা সঠিক ছিল। ফলাফল প্রত্যাশার সঙ্গে না মিললে সেটিকে ব্যর্থতা হিসেবে লুকিয়ে না রেখে নিজেদের ধারণা উন্নত করার সুযোগ হিসেবে নেওয়া যায়।
আজ আমরা যে বিষয়টি ভালো জানি বলে মনে করি, তার মধ্যে একটি বেছে নিই। তারপর বইয়ের ভাষা বা মুখস্থ সংজ্ঞা ব্যবহার না করে নিজের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করি, বিষয়টি কীভাবে কাজ করে এবং কেন কাজ করে। এরপর একটি বাস্তব উদাহরণে সেই জ্ঞান প্রয়োগ করি। যেখানে ব্যাখ্যা দিতে বা প্রয়োগ করতে গিয়ে আটকে যাব, সেখানেই আমাদের শেখার পরবর্তী জায়গাটি লুকিয়ে আছে। কারণ সত্যিকারের শেখা মানে শুধু উত্তর মনে রাখা নয়, বরং নতুন পরিস্থিতিতেও বুঝে চিন্তা করতে পারা।
Sources
- Personal Insights
- Richard Feynman
About the writer
Adnan brings 12+ years of work across startups, innovation programs, and young founder development in Bangladesh. He is working with Startup Bangladesh Limited and has worked with the iDEA project, guiding startups and helping run national ecosystem programs such as Student to Startup.
Knowledge layer
Connected notes
Add evidence, a correction, or useful context. STS reviews every note before it appears; this is not a comment thread.
Loading notes…
