স্টার্টআপ একা বড় হয় না, চারপাশের ইকোসিস্টেম তাকে বড় করে
By Adnan Dewan · Oct 2, 2026, 9:28 PM

একজন তরুণ উদ্যোক্তা একটা আইডিয়া নিয়ে কাজ শুরু করল। নিজের টাকা দিয়ে শুরু করল, বন্ধুর কাছ থেকে কিছু সাহায্য নিল, তারপর একটা ছোট দল বানাল। কিন্তু কিছুদিন পর এসে আটকে গেল। টাকা দরকার। ভালো পরামর্শ দরকার। ঠিক মানুষ চেনা দরকার। পণ্য আরও ভালো করা দরকার। বাজার সম্পর্কে জানতে হবে। কোথা থেকে শুরু করবে? এখানেই আমরা অনেক সময় একটা ভুল করি। ভাবি, স্টার্টআপ মানেই উদ্যোক্তা, তার দল আর বিনিয়োগকারী। আসলে ব্যাপারটা অনেক বিস্তারিত। একটা স্টার্টআপের চারপাশে পুরো একটা পরিবেশ কাজ করে। কেউ টাকা দেয়, কেউ জ্ঞান দেয়, কেউ পরিচয় করিয়ে দেয়, কেউ জায়গা দেয়, কেউ প্রশিক্ষণ দেয়, কেউ গবেষণা করে, আবার কেউ এমন একটা সুযোগ তৈরি করে দেয় যেখানে উদ্যোক্তা নিজের পণ্যটা মানুষের সামনে দেখাতে পারে।
ধরুন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কৃষকদের জন্য নতুন একটা প্রযুক্তি নিয়ে কাজ করছে। তার হয়তো এখনই বড় বিনিয়োগ দরকার নেই। তার আগে দরকার কৃষকের সঙ্গে কথা বলা, নিজের ধারণা যাচাই করা, পণ্য তৈরি করা এবং ভুল থেকে শেখা। তখন একজন পরামর্শদাতা, বিশ্ববিদ্যালয়ের গবেষক, প্রশিক্ষণ কর্মসূচি কিংবা কোনো উদ্যোক্তা কুমুনিটি তার জন্য বিনিয়োগকারীর চেয়েও বেশি কাজে আসতে পারে।
আবার যখন পণ্যটা তৈরি হয়ে গেল, তখন দরকার হতে পারে বিনিয়োগ। তখন বন্ধু ও পরিবার, এঞ্জেল বিনিয়োগকারী, ভেঞ্চার ক্যাপিটাল, ব্যাংক বা সরকারি অনুদানের মতো অর্থের উৎস সামনে আসতে পারে।
তারপর আসে আরেকটা বিষয়। মানুষ চেনা। একটা স্টার্টআপ সামিট, প্রদর্শনী, প্রতিযোগিতা, হ্যাকাথন কিংবা এরকম কিছু পরিচিতি তৈরির আয়োজন তখন দারুণ কাজ করে। হয়তো সরাসরি টাকা পাওয়া না যেতে পারে। কিন্তু সেখানে এমন একজনের সঙ্গে পরিচয় হতে পারে, যিনি পরের ছয় মাসে ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। এখানে একটা মজার ব্যাপার আছে। সব সহায়তা একই সময়ে দরকার হয় না।
একেবারে শুরুর দিকে হয়তো জ্ঞান আর পরামর্শ বেশি দরকার। একটু পরে অর্থ দরকার হতে পারে। তারপর বাজার, অংশীদার আর নতুন পরিচিতি দরকার হতে পারে। ব্যবসা বড় হওয়ার সঙ্গে সঙ্গে গবেষণা, অবকাঠামো, নীতি সহায়তা কিংবা আন্তর্জাতিক যোগাযোগও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর এই পুরো ব্যবস্থার আড়ালে আরও কিছু বিষয় থাকে, যেগুলো আমরা অনেক সময় দেখি না।
কোনো দেশে ব্যবসা শুরু করা কতটা সহজ, নিয়মকানুন কতটা সহায়ক, উদ্যোক্তাদের জন্য কী ধরনের প্রণোদনা আছে, কাজ করার জায়গা আছে কি না, গবেষণার সুযোগ আছে কি না, প্রযুক্তিগত অবকাঠামো কেমন, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো ব্যবসার সঙ্গে কতটা যুক্ত, এসবও একটা স্টার্টআপের পথকে প্রভাবিত করে। তাই একটা স্টার্টআপকে শুধু “ভালো আইডিয়া আছে কি না” দিয়ে দেখলে পুরো ছবিটা দেখা হয় না। বাংলাদেশে একজন উদ্যোক্তার জন্য এই ছবিটা আরও গুরুত্বপূর্ণ। কারণ হয়তো তার কাছে ভালো আইডিয়া আছে, কাজ করার ইচ্ছা আছে, এমনকি ভালো একটা টিমও আছে। কিন্তু সে জানেই না কোথায় গিয়ে পরামর্শ পাবে, কার সঙ্গে পরিচিত হবে, কোথা থেকে অর্থের সুযোগ খুঁজবে, কোন গবেষণাগারে পরীক্ষা করতে পারবে কিংবা কোন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারে।
তখন সমস্যা শুধু উদ্যোক্তার নয়। পুরো পরিবেশের। পুরো ইকোসিস্টেমের।
তাই আপনি যদি উদ্যোক্তা হন, শুধু বিনিয়োগকারীর তালিকা বানাবেন না। নিজের চারপাশের পুরো পরিবেশটা খুঁজে দেখুন। কোথায় জ্ঞান পাবেন? কার কাছ থেকে পরামর্শ পাবেন? কোথায় নতুন মানুষ চিনবেন? কোথায় পণ্য পরীক্ষা করবেন? কোথা থেকে অর্থের সুযোগ আসতে পারে? কোন নীতি আপনার জন্য গুরুত্বপূর্ণ? কোন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান বা সংগঠন আপনার কাজে লাগতে পারে?
আর আপনি যদি উদ্যোক্তা না হয়েও এই পরিবেশের কোনো অংশ হন, তাহলেও আপনার ভূমিকা আছে। হয়তো আপনি বিনিয়োগকারী নন। কিন্তু একজন উদ্যোক্তাকে সঠিক মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন। হয়তো আপনি পরামর্শদাতা নন। কিন্তু নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। হয়তো আপনার কাছে টাকা নেই। কিন্তু একটি দরজা খুলে দিতে পারেন।
শেষ পর্যন্ত একটি শক্তিশালী স্টার্টআপ পরিবেশ শুধু টাকা দিয়ে তৈরি হয় না। তৈরি হয় অর্থ, জ্ঞান, মানুষ, সুযোগ, নীতি, অবকাঠামো এবং গবেষণাকে একসঙ্গে কাজ করানোর মাধ্যমে।
একজন উদ্যোক্তা একা একটা কোম্পানি তৈরি করতে পারেন। কিন্তু একটা শক্তিশালী স্টার্টআপ পরিবেশ তৈরি করতে পুরো সমাজকেই একটু একটু করে অংশ নিতে হয়।
Sources
- Personal insights
About the writer
Adnan brings 12+ years of work across startups, innovation programs, and young founder development in Bangladesh. He is working with Startup Bangladesh Limited and has worked with the iDEA project, guiding startups and helping run national ecosystem programs such as Student to Startup.
Knowledge layer
Connected notes
Add evidence, a correction, or useful context. STS reviews every note before it appears; this is not a comment thread.
Loading notes…
