যেটা সবাই ভালো বলছে, সেটার খুঁত খুঁজুন

By Adnan Dewan · Sep 30, 2026, 7:45 PM

0readers
Share
Add to a BlogBook

আমরা সাধারণত কোনো কিছু পছন্দ না হলে তার খুঁত খুঁজতে খুব একটা সময় নিই না। কিন্তু কখনও কখনও এই অভ্যাসটাই নতুন আইডিয়া খুঁজে পাওয়ার দারুণ একটা উপায় হতে পারে।

ধরুন, বাজারের সবচেয়ে জনপ্রিয় একটা পণ্য বেছে নিলেন। এবার নিজেকে প্রশ্ন করুন, “এটার কী কী সমস্যা আছে?” দাম বেশি? ব্যবহার কঠিন? নিজের মতো করে সাজানোর সুযোগ নেই? সহজে নষ্ট হয়ে যায়? দেখতে সুন্দর হলেও ব্যবহার করতে বিরক্তিকর?

এবার শুরু করুন। যে সমস্যাগুলো খুঁজে পেলেন, সেগুলো কীভাবে আপনার নিজের পণ্য বা সেবাকে আরও ভালো করতে পারে?

ধরুন, বাজারের জনপ্রিয় একটি মুঠোফোন দেখতে সুন্দর, ব্যবহারও সহজ। কিন্তু পড়ে গেলে ভেঙে যায়। তাহলে আপনি যদি মুঠোফোন তৈরি করতেন, ভাবতে পারতেন, এটাকে কি আরও শক্ত করা যায়? অথবা মানুষ নিজের পছন্দমতো এটাকে সাজাতে পারে কি না।

আবার ধরুন, বৈদ্যুতিক গাড়ি নিয়ে অনেকের অভিযোগ, একবার চার্জ দিলে বেশি দূর যাওয়া যায় না। কেউ কেউ আবার বলে, গাড়িগুলোর আগের সেই আলাদা অনুভূতিটাও নেই। দ্বিতীয় কথাটা একটু অদ্ভুত শোনায়। কিন্তু এখানেই তো নতুন প্রশ্ন তৈরি হয়।

একটা গাড়ির যদি নিজস্ব অনুভূতি থাকতে পারে, তাহলে জুতার কি নিজস্ব চরিত্র থাকতে পারে? একটা চায়ের কাপ কি তার ব্যবহারকারীর কাছে আলাদা হয়ে উঠতে পারে? একটা ঘরের চেয়ার কি শুধু বসার জিনিস না হয়ে মানুষের স্মৃতির অংশ হতে পারে?

খেয়াল করুন, আপনি তখন আর শুধু প্রতিযোগীর পণ্য নকল করার কথা ভাবছেন না। আপনি তার দুর্বলতা থেকে নিজের জন্য নতুন সুযোগ খুঁজছেন।

এখানে একটা সহজ পদ্ধতি আছে। বাজারের সবচেয়ে সফল কোনো পণ্য বা সেবা বেছে নিন। তারপর তার পাঁচটা খুঁত লিখে ফেলুন। সত্যিকারের খুঁত হতে পারে, আবার এমন কিছু হতে পারে যা বাজারের একটি অংশের প্রয়োজন পূরণ করছে না। তারপর প্রতিটি খুঁতের পাশে লিখুন, “আমি হলে কীভাবে এটাকে ভালো করতাম?”

হয়তো সব প্রশ্নের উত্তর পাবেন না। সেটাই স্বাভাবিক। আসল উদ্দেশ্য উত্তর খুঁজে পাওয়া নয়, অন্যভাবে চিন্তা করা শুরু করা।

কারণ প্রতিযোগীকে দেখে শুধু “ওরা কী ভালো করছে?” প্রশ্ন করলে আপনি হয়তো তাদের অনুসরণ করবেন। কিন্তু “ওরা কোথায় ভালো করছে না?” প্রশ্ন করলে আপনি নিজের জন্য নতুন একটা জায়গা দেখতে শুরু করবেন।

তাই পরেরবার বাজারের সবচেয়ে সফল পণ্যটা দেখলে শুধু তার প্রশংসা করবেন না। একটু সমালোচনাও করুন। হয়তো সেই খুঁতটাই আপনার পরের ভালো আইডিয়ার শুরু।

Sources

  • Personal insight
  • Keith Thomson

About the writer

Adnan Dewan

Adnan brings 12+ years of work across startups, innovation programs, and young founder development in Bangladesh. He is working with Startup Bangladesh Limited and has worked with the iDEA project, guiding startups and helping run national ecosystem programs such as Student to Startup.

Knowledge layer

Connected notes

Add evidence, a correction, or useful context. STS reviews every note before it appears; this is not a comment thread.

Loading notes…