কেন ভবিষ্যতে ক্রিয়েটিভিটিই আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে?
By Adnan Dewan · Oct 7, 2026, 4:29 PM

ধরুন, কয়েক বছর পর আমরা এমন এক অফিসে কাজ করছি যেখানে অনেক নিয়মিত কাজ মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) করছে। হিসাব তৈরি হচ্ছে, প্রতিবেদন লেখা হচ্ছে, তথ্য বিশ্লেষণ হচ্ছে, এমনকি অনেক সাধারণ সিদ্ধান্তও স্বয়ংক্রিয়ভাবে নেওয়া হচ্ছে। তখন একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমরা নিজেরা এমন কী করতে পারি, যা শুধু যন্ত্র দিয়ে করা সম্ভব নয়?
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ক্রিয়েটিভিটিই মানুষের সবচেয়ে বড় হাতিয়ার গুলোর একটি!
যেসব কাজ নিয়ম মেনে বারবার করা যায়, সেগুলোর অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই দ্রুত এবং দক্ষতার সঙ্গে করতে পারবে। বেশির ভাগ ক্ষেত্রে মানুষের থেকে দ্রুত এবং নির্ভুল। ইতিমধ্যেই আমরা লেখা, ছবি, গান, তথ্য বিশ্লেষণসহ অনেক ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা যত ভালোই হোক, তার বেশিরভাগ কাজ তৈরি হয়েছে আগের থাকা জ্ঞান ও উদাহরণের ওপর ভিত্তি করে। আর সেটা টের পাওয়া যায়।
একটি নতুন উদ্যোগের ক্ষেত্রে শুধু বিদ্যমান সমাধানকে একটু বদলানো যথেষ্ট নয়। কখনও এমন প্রশ্ন করতে হয়, যেটা আগে কেউ করেনি। যেমন বাংলাদেশের কৃষকের কোনো সমস্যাকে শুধু উন্নত প্রযুক্তি দিয়ে সমাধান না করে, তার দৈনন্দিন আচরণ, আয়, ঝুঁকি এবং বাস্তব সবকিছুকে একসঙ্গে দেখে সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি তৈরি করা। এই জায়গাতেই মানুষের ক্রিয়েটিভিটির মূল্য বাড়ে।
ক্রিয়েটিভিটি প্রতিযোগিতায় এগিয়ে থাকার সবচেয়ে শক্তিশালী উপায়।
ব্যবসায় শুধু অন্যের চেয়ে কম দামে বা একটু ভালো সেবা দিয়ে সবসময় এগিয়ে থাকা যায় না। কেউ যদি একটি সফল পণ্য তৈরি করে, অন্যরা সেটার অনুকরণ করতে পারে। এবং সচরাচর করে। সেটাই স্বাভাবিক। কিন্তু নতুনভাবে সমস্যা দেখা, নতুন সমাধান তৈরি করা কিংবা মানুষের অমীমাংসিত কোনো প্রয়োজন খুঁজে বের করা, এই যোগ্যতা কিন্তু সহজে কপি করা যায় না। বাংলাদেশের কোনো নতুন উদ্যোগ যদি শুধু অন্য দেশের সফল ব্যবসার অনুকরণ করে, তাহলে বাই ডিফল্ট একটা বিরাট কম্পিটিটরতো প্রথমেই চলে আসে। কিন্তু যদি স্থানীয় মানুষের আচরণ, সমস্যা ও বাস্তবতা বুঝে নতুনভাবে সমাধান তৈরি করা যায়, তখন সেখানেই আলাদা হওয়ার সুযোগ তৈরি হয়।
ম্যানেজমেন্টের আসল কাজও শেষ পর্যন্ত বর্তমান অবস্থার উন্নতি ঘটানো।
একটি প্রতিষ্ঠানের কর্মীরা যদি শুধু প্রতিদিনের নির্ধারিত কাজ করেই যায়, তাহলে ম্যানেজার কিংবা লিডারের প্রয়োজন খুব সীমিত হয়ে যায়। একজন ভালো ম্যানেজার ভাবেন, কাজটা আরও সহজ করা যায় কি না, খরচ কমানো যায় কি না, গ্রাহকের অভিজ্ঞতা ভালো করা যায় কি না, টিমের কোনো সমস্যা কেন বারবার হচ্ছে এবং পুরোনো পদ্ধতিটা বদলানো দরকার কি না। শুধু কর্মীদের আরও দ্রুত কাজ করতে বলা ম্যানেজমেন্ট নয়। সমস্যাটা কেন তৈরি হচ্ছে, পুরো প্রক্রিয়াটা নতুনভাবে সাজানো যায় কি না, সেটাই ক্রিয়েটিভি চিন্তা। আর একজন লিডারের কাজ আরও এক ধাপ সামনে গিয়ে ভাবা, কয়েক বছর পর প্রতিষ্ঠানটি কোথায় থাকবে এবং সেখানে পৌঁছানোর জন্য আজ কী করতে হবে।
ক্রিয়েটিভিটি শুধু কাজের জন্য গুরুত্বপূর্ণ নয়, ভালো থাকার জন্যও গুরুত্বপূর্ণ।
আমরা যখন কোনো কিছু তৈরি করি, তখন তার সঙ্গে আমাদের এক ধরনের ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। কেউ নতুন ব্যবসা তৈরি করে, কেউ বাগান সাজায়, কেউ গান শেখে, কেউ খেলায় নতুন কৌশল খুঁজে নেয়, কেউ নিজের সন্তানের জন্য নতুনভাবে শেখার পরিবেশ তৈরি করে। এসব কাজের মধ্যে আমরা শুধু ফলাফল পাই না, কাজটার মধ্যেও আনন্দ খুঁজে পাই। একটি নতুন কিছু তৈরি করার সময় আমরা অনেক সময় এতটাই মনোযোগী হয়ে যাই যে চারপাশের অন্যকিছু ভুলে যাই। কাজ শেষ হলে নিজের তৈরি কিছু একটা সামনে দেখতে পাই। এই তৈরি করার অনুভূতিটাই ক্রিয়েটিভিটির বড় আনন্দ।
আজ থেকেই আমরা একটি ছোট অভ্যাস শুরু করতে পারি। প্রতিদিন এমন একটি সমস্যা লিখে রাখি, যেটা আমরা অন্যদের মতো না ভেবে অন্যভাবে সমাধান করতে পারতাম। সপ্তাহ শেষে সেই সাতটি সমস্যার মধ্যে একটি বেছে নিয়ে অন্তত তিনটি নতুন সমাধান লিখি। সেগুলোর মধ্যে সবচেয়ে অদ্ভুত আইডিয়াটাকেও সঙ্গে সঙ্গে বাদ না দিয়ে একটু পরীক্ষা করি। কারণ ক্রিয়েটিভিটি শুধু ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কোনো দক্ষতা নয়। নিয়মিত চর্চা করলে আজ থেকেই আমাদের চিন্তার ধরন বদলাতে শুরু করতে পারে।
Sources
- Personal insights
- Chris Croft
About the writer
Adnan brings 12+ years of work across startups, innovation programs, and young founder development in Bangladesh. He is working with Startup Bangladesh Limited and has worked with the iDEA project, guiding startups and helping run national ecosystem programs such as Student to Startup.
Knowledge layer
Connected notes
Add evidence, a correction, or useful context. STS reviews every note before it appears; this is not a comment thread.
Loading notes…
