সবচেয়ে খারাপ আইডিয়াটা আগে ভাবুন
By Adnan Dewan · Sep 30, 2026, 8:02 PM
কোনো সমস্যার সমাধান খুঁজতে বসলে আমরা সাধারণত ভালো আইডিয়া খুঁজি। কোনটা কাজ করবে, কোনটা কম খরচে করা যাবে, কোনটা সবাই সহজে গ্রহণ করবে। কিন্তু কখনও কখনও উল্টো পথে হাঁটলে মাথায় এমন কিছু আসে, যেদিকে আমরা সাধারণত তাকাই না।
ধরুন, ঢাকার কোনো ব্যস্ত রাস্তায় প্রতিদিন প্রচণ্ড যানজট। সবচেয়ে খারাপ সমাধান কী হতে পারে? রাস্তায় গাড়ি চলাচলই বন্ধ করে দেওয়া। শুনতে একেবারেই অবাস্তব। কিন্তু একটু থামুন। এই খারাপ আইডিয়াটা থেকেই একটা নতুন প্রশ্ন আসতে পারে। সব গাড়ি বন্ধ না করে, সবচেয়ে ব্যস্ত সময়ে কি কিছু গাড়ির চলাচল কমানো যায়? অফিসের সময় যদি সবাই একসঙ্গে বের না হয়? কিছু প্রতিষ্ঠানের কাজ যদি একটু আগে বা পরে শুরু হয়? তাহলে হয়তো একই সময়ে রাস্তায় নামা মানুষের সংখ্যা কিছুটা কমতে পারে।
আবার ধরুন, বর্ষাকালে আপনার এলাকার রাস্তায় পানি জমে যায়। সবচেয়ে খারাপ সমাধান হতে পারে, বৃষ্টি হলেই মানুষকে ওই রাস্তা ব্যবহার করতে নিষেধ করা। বাস্তবে সেটা সম্ভব নয়। কিন্তু এই চিন্তা থেকে প্রশ্ন আসতে পারে, কোন রাস্তাগুলোতে বেশি পানি জমে সেটা যদি আগে থেকেই মানুষকে জানানো যায়? তাহলে মানুষ কি অন্য রাস্তা ব্যবহার করতে পারবে?
একইভাবে, ধরুন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অনেক শিক্ষার্থী একসঙ্গে নিবন্ধন করতে এসেছে। সবচেয়ে খারাপ সমাধান হতে পারে, সবাইকে একটা লম্বা লাইনে দাঁড় করিয়ে একজন একজন করে তথ্য নেওয়া। কিন্তু এই অদ্ভুত ধারণা থেকেই একটা ভালো প্রশ্ন আসতে পারে। একই তথ্য যদি সবাইকে আলাদাভাবে দিতে না হয়? শিক্ষার্থীরা যদি আগে থেকেই তথ্য জমা দিতে পারে? অথবা কয়েকজনকে একসঙ্গে সামলানোর ব্যবস্থা করা যায়?
খারাপ আইডিয়াটা তখন আর সমাধান নয়। সেটা নতুনভাবে সমস্যাটা দেখার একটা দরজা হয়ে যায়।
আপনি চাইলে নিজের কাজেও এটা ব্যবহার করতে পারেন।
ধরুন, আপনার ছোট ব্যবসায় প্রতিদিন একই ধরনের প্রশ্ন আসে। সবচেয়ে খারাপ সমাধান হতে পারে, প্রতিটি ক্রেতাকে নিয়ে আলাদা করে বসে সবকিছু বোঝানো। বাস্তবে সেটা সময়সাপেক্ষ। কিন্তু এখান থেকেই প্রশ্ন আসতে পারে, কোন প্রশ্নগুলো সবাই করছে? সেগুলোর উত্তর কি একবার তৈরি আপনার ওয়েবসাইটে দেওয়া যায়?
অথবা আপনার টিমের সবাইকে একই বিষয়ে বারবার বুঝিয়ে বলতে হচ্ছে। সবচেয়ে খারাপ সমাধান হতে পারে, প্রতিদিন সবাইকে নিয়ে একই আলোচনা করা। এবার ভাবুন, এমন কোনো ব্যবস্থা করা যায় কি না, যেখানে প্রয়োজনীয় তথ্য এক জায়গায় থাকবে এবং সবাই যখন প্রয়োজন তখন দেখে নিতে পারবে। এখানে আসল বিষয় খারাপ সমাধান তৈরি করা নয়। আসল বিষয় হলো, কিছুক্ষণের জন্য বিচার বন্ধ করে অন্য দিক দিয়ে সমস্যাটাকে দেখা।
আমরা ভালো আইডিয়া খুঁজতে গিয়ে অনেক চিন্তা শুরু হওয়ার আগেই থামিয়ে দিই। “এটা হবে না”, “এটা সম্ভব না”, “মানুষ মানবে না” বলে এগিয়ে যাই না।
পরেরবার কোনো সমস্যায় আটকে গেলে তাই একটু উল্টোভাবে চেষ্টা করুন। নিজেকে জিজ্ঞেস করুন, “এই সমস্যার সবচেয়ে খারাপ সমাধান কী হতে পারে?” তারপর সেই খারাপ আইডিয়াটাকে একটু ঘুরিয়ে দেখুন।
হয়তো খারাপ আইডিয়াটাই আপনার সমাধান হবে না। কিন্তু সেটাই হয়তো এমন একটা প্রশ্ন তৈরি করবে, যেখান থেকে ভালো আইডিয়াটা বেরিয়ে আসতে পারে।
Sources
- Personal insight
- Keith Thomson
About the writer
Adnan brings 12+ years of work across startups, innovation programs, and young founder development in Bangladesh. He is working with Startup Bangladesh Limited and has worked with the iDEA project, guiding startups and helping run national ecosystem programs such as Student to Startup.
Knowledge layer
Connected notes
Add evidence, a correction, or useful context. STS reviews every note before it appears; this is not a comment thread.
Loading notes…
