আপনার স্টার্টআপের পাখিটা এখন কতটা উঁচুতে উড়ছে?
By Adnan Dewan · Oct 2, 2026, 10:15 PM

রাতের বেলা কাজ শেষ করে ল্যাপটপ বন্ধ করার আগে একজন উদ্যোক্তা যদি মাত্র পনেরো মিনিট সময় নিয়ে নিজের স্টার্টআপটাকে একটা পাখি হিসেবে ভাবেন, তাহলে কেমন হয়?
পাখিটা এখন আকাশে উড়ছে। কিন্তু সে কি ঠিক দিকে যাচ্ছে? খুব উঁচুতে উঠে গেছে, নাকি জ্বালানি ফুরিয়ে আসছে? কোনো ডানা দুর্বল হয়ে গেছে কি না? সামনে অন্য পাখি কোথায় উড়ছে? নিচে কোন গাছের দিকে নামা দরকার? এই ছোট্ট কল্পনাটাই একজন উদ্যোক্তার জন্য প্রতিদিনের আত্মপর্যালোচনার একটি দারুণ উপায় হতে পারে।
ভাবুন, পাখিটির বাঁ চোখ হলো আপনার গ্রাহক। আপনি কি সত্যিই সঠিক মানুষের জন্য কিছু তৈরি করছেন? তারা কারা, তাদের সমস্যা কী, তারা আপনার সমাধান ব্যবহার করছে কেন, আর আপনি তাদের কতটা বুঝতে পারছেন? অন্য চোখটি হলো সমস্যা। আপনি কি সমস্যাটা এক বাক্যে পরিষ্কার করে বলতে পারেন? নাকি আপনার ধারণা বদলাতে বদলাতে সমস্যাটাও বদলে যাচ্ছে?
এরপর আসবে মস্তিষ্ক। সেটি হলো মূল টিম। দলের সবাই কি একই দিকে তাকিয়ে আছে? সবার লক্ষ্য কি একই? একজন যা ভাবছেন, অন্যজন কি সেটাই বুঝছেন? কারণ পাখির চোখ দুটি আলাদা দিকে তাকালে সে বেশিক্ষণ সোজা উড়তে পারবে না। একইভাবে মূল টিমের মধ্যে বোঝাপড়া না থাকলে বড় পরিকল্পনাও ধীরে ধীরে দুর্বল হয়ে যায়।
এবার দুই ডানার দিকে তাকান। একটি ডানা হলো প্রতিদিনের কাজ। অন্যটি হলো পার্টনারশিপ। আপনার টিম কতটা ভালোভাবে কাজ করছে? কোথাও কি কাজ আটকে আছে? যাদের সঙ্গে কাজ করছেন, তারা কি আপনার লক্ষ্যকে এগিয়ে নিচ্ছে? নাকি পার্টনারশিপ আছে, কিন্তু তার সঙ্গে কাজের কোনো বাস্তব সংযোগ নেই?
পাখির নিচে আছে গাছপালা। এগুলো হলো বাজার। আপনি কি সঠিক বাজারের দিকে উড়ছেন? একটি বড় বাজার দেখলেই সেখানে ঢুকে পড়তে হবে এমন নয়। হয়তো ছোট একটি নির্দিষ্ট গোষ্ঠীর সমস্যা অনেক ভালোভাবে সমাধান করাই আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। বাজার বুঝতে না পারলে ভালো পণ্য নিয়েও ভুল জায়গায় উড়ে যাওয়া সম্ভব।
আর আপনার পাখি যে জিনিসটা বহন করছে, সেটাই হলো সমাধান। সেই সমাধান কি সত্যিই মানুষের সমস্যার সমাধান করছে? মানুষ কি তার জন্য টাকা দিচ্ছে? আপনার কাজ এবং পার্টনারশিপ কি সমাধানটাকে আরও ভালো করছে? নাকি শুধু ব্যস্ততা বাড়ছে?
আকাশে অবশ্য আপনার পাখি একা নয়। আশপাশে অন্য পাখিও আছে। তারাই আপনার প্রতিযোগী। তারা কীভাবে একই সমস্যার সমাধান করছে? তারা কোথায় ভালো? কোথায় দুর্বল? আর আপনি এমন কী করছেন, যা মানুষকে আপনার দিকে তাকাতে বাধ্য করবে?
পাখির লেজটি ভাবতে পারেন স্ট্রাটেজি হিসেবে। ডানা যত শক্তিশালীই হোক, সঠিক দিকনির্দেশনা না থাকলে পাখি ঠিক জায়গায় পৌঁছাবে না। কোন গ্রাহকের জন্য কাজ করছেন, কোন বাজারে যাবেন, কীভাবে সেখানে পৌঁছাবেন এবং কোন কাজ আগে করবেন, এসব সিদ্ধান্তই আপনার পথ ঠিক করে।
তারপর আসে সবচেয়ে বাস্তব প্রশ্ন। পাখির জ্বালানি কতটুকু আছে? আপনার হাতে কত টাকা আছে? কতদিন এই টাকা দিয়ে চলতে পারবেন? আপনার কাছে এমন কোনো জ্ঞান, প্রযুক্তি, সম্পর্ক বা মেধাস্বত্ব আছে কি, যা আপনাকে এগিয়ে রাখবে? আয় কীভাবে হচ্ছে? মূল্য নির্ধারণ ঠিক আছে কি? বিনিয়োগ বা অনুদান যা পেয়েছেন, তা কতদিনের পথ দেখাবে?
এখানে আরও একটা বিষয় ভুলে গেলে চলবে না। অনেক সময় পাখি ঠিকভাবে উড়তে চাইলেও রাস্তার নিয়ম তাকে আটকে দেয়। অনুমতি, কর, সনদ, নীতিমালা বা অন্য কোনো প্রশাসনিক জটিলতা কি আপনার গতি কমিয়ে দিচ্ছে? এগুলোও স্টার্টআপের বাস্তব যাত্রার অংশ।
সবশেষে তাকান আপনার অগ্রগতির দিকে। ব্যবহারকারী বাড়ছে কি? গ্রাহক বাড়ছে? আয় হচ্ছে? বিনিয়োগ এসেছে? পরিচিতি তৈরি হচ্ছে? পুরস্কার, প্রভাব বা অন্য কোনো অর্জন হয়েছে? এগুলো শুধু সংখ্যা নয়। এগুলো বলে দেয় আপনার পাখি আসলে কতটা এগিয়েছে।
এই পুরো বিষয়টা প্রতিদিন পনেরো মিনিটে দেখা সম্ভব। প্রতিদিন সব প্রশ্নের উত্তর দিতে হবে না। আজ চোখের দিকে তাকান। কাল ডানা। পরদিন জ্বালানি। সপ্তাহ শেষে পুরো পাখিটাকে একবার দেখুন।
কারণ স্টার্টআপে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত হয়তো তখনই, যখন পাখিটা নিচে নামতে শুরু করেছে অথচ চালক সেটা বুঝতেই পারেননি। তাই প্রতিদিন একটু থামুন। আকাশের দিকে তাকাবেন না শুধু। নিজের পাখিটার দিকেও তাকান। সে এখন কোথায় আছে, আর আসলে কোন দিকে উড়ছে?
Sources
- Personal Imagination
About the writer
Adnan brings 12+ years of work across startups, innovation programs, and young founder development in Bangladesh. He is working with Startup Bangladesh Limited and has worked with the iDEA project, guiding startups and helping run national ecosystem programs such as Student to Startup.
Knowledge layer
Connected notes
Add evidence, a correction, or useful context. STS reviews every note before it appears; this is not a comment thread.
Loading notes…
