যদি কাল আমাদের ব্যবসাকে হারাতে একটা নতুন কোম্পানি আসে?

By Adnan Dewan · Oct 7, 2026, 4:37 PM

0readers
Share
Add to a BlogBook
যদি কাল আমাদের ব্যবসাকে হারাতে একটা নতুন কোম্পানি আসে?

ধরুন, আমরা এমন একটা ব্যবসা চালাচ্ছি যেটা বেশ ভালোই চলছে। কাস্টমার আছে, টিম আছে, রেভিনিউ আছে। হঠাৎ ভাবলাম, কাল যদি এমন একটা নতুন কোম্পানি আসে, যাদের একটাই লক্ষ্য আমাদের ব্যবসা কেড়ে নেওয়া, তাহলে তারা কী করবে? কিভাবে আমাদের থেকে এগিয়ে যাবে।

প্রথম কাজ হবে নিজেদের ব্যবসাকে একজন নতুন প্রতিযোগীর চোখে দেখা।

আমরা সাধারণত নিজেদের শক্তি নিয়ে ভাবি। কিন্তু প্রতিযোগী কীভাবে আমাদের দুর্বল জায়গা খুঁজে বের করবে, সেটা ভাবি কম। ধরা যাক, আমাদের কোনো সেবার দাম বেশি, কাস্টমার সাপোর্ট স্লো, প্রক্রিয়া জটিল কিংবা নতুন কাস্টমারের জন্য শুরু করাটাই কঠিন। নতুন স্টার্টআপ ঠিক এই জায়গাগুলোতেই সুযোগ খুঁজবে। তাই নতুন কোনো স্টার্টআপ আসার অপেক্ষা না করে আমরা নিজেরাই নিজেদের ব্যবসাকে বাইরের চোখে দেখা শুরু করতে পারি।

আমরা যা করছি, তার উল্টোটা ভাবলেই অনেক নতুন আইডিয়া বের হতে পারে।

ধরুন, আমরা একটি নির্দিষ্ট ধরনের কাস্টমারের জন্য নির্দিষ্ট প্যাকেজ দিচ্ছি। প্রশ্ন হতে পারে, যদি কোনো প্যাকেজই না থাকত? যদি কাস্টমার নিজের মতো করে সার্ভিস বেছে নিতে পারত? আমরা যদি অফিসে বসে কাস্টমারকে সেবা দেওয়ার বদলে কাস্টমারের কাছেই যেতাম? আমাদের বর্তমান পদ্ধতির বিপরীত চিন্তাগুলো প্রথমে অদ্ভুত লাগবে। সেটাই স্বাভাবিক। সব আইডিয়া বাস্তবায়ন করার জন্য নয়। কিছু আইডিয়া শুধু আমাদের প্রচলিত চিন্তার সীমাটা দেখানোর জন্য আসে।

অদ্ভুত আইডিয়ার মধ্যেই কখনও কখনও আসল সুযোগ লুকিয়ে থাকে।

আমরা যদি এমন একটি তালিকা করি যেখানে ব্যবসার প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের পাশে তার সম্পূর্ণ বিপরীত পদ্ধতি লিখি, তাহলে হয়তো বিশটির মধ্যে আঠারোটি হাস্যকর মনে হবে। কিন্তু বাকি দুটির মধ্যে এমন কিছু থাকতে পারে যা আমাদের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ বদলে দিতে পারে। কোনো কাস্টমার সেবা সম্পূর্ণ নতুনভাবে দেওয়া, নতুন প্রাইসিং মডেল তৈরি করা কিংবা এমন কোনো মার্কেট নিয়ে ভাবা যেটা নিয়ে আমরা আগে কখনও ভাবিনি।

স্টার্টআপদের জন্য এই চিন্তাটা আরও গুরুত্বপূর্ণ।

কারণ নতুন মার্কেটে বড় কোম্পানির সঙ্গে সরাসরি লড়াই করা কঠিন। কিন্তু বড় কোম্পানির যেসব নিয়ম সবাই মেনে চলছে, সেখানেই হয়তো সুযোগ থাকে। ধরুন, সবাই বলছে কাস্টমারকে অফিসে এসে সেবা নিতে হবে। আমরা ভাবলাম, কাস্টমারের কাছে যাওয়া যায় কি না। সবাই মাসিক ফি নিচ্ছে। আমরা ভাবলাম, ব্যবহার অনুযায়ী টাকা নেওয়া যায় কি না। সবাই বড় শহরকে টার্গেট করছে। আমরা ভাবলাম, ছোট শহর থেকেই শুরু করা যায় কি না। বড় পরিবর্তন অনেক সময় নতুন প্রযুক্তি থেকে আসে না। আসে পুরোনো নিয়মকে প্রশ্ন করা থেকে।

সবচেয়ে বড় বিষয় হলো, এই চিন্তাটা একবার করলেই আমরা দারুণ কিছু করে ফেলব এমনটা নয়।

ব্যবসা ভালো চলছে বলে কয়েক বছর পরপর নতুন করে ভাবলে হবে না। কাস্টমারের আচরণ বদলাচ্ছে, প্রযুক্তি বদলাচ্ছে, নতুন প্রতিযোগী আসছে। তাই নিজেদের ব্যবসাকে নিয়মিত প্রশ্ন করার একটা অভ্যাস তৈরি করতে হবে। আজ যে পদ্ধতি সফল, কয়েক বছর পর সেটাই হয়তো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে।

আমরা প্রতি সপ্তাহে দুই ঘণ্টা শুধু নিজেদের ব্যবসাকে নতুন করে ভাবার জন্য রাখতে পারি। এই সময়ে একটি প্রশ্ন লিখি: “আমাদের ব্যবসাকে শেষ করে দিতে কাল যদি একটি নতুন কোম্পানি তৈরি হয়, তারা কীভাবে শুরু করবে?” তারপর আমাদের বর্তমান প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের পাশে তার উল্টো পদ্ধতি লিখি। সবগুলো বাস্তবায়ন করার দরকার নেই। শুধু দেখি, কোন অদ্ভুত আইডিয়ার মধ্যে সত্যিকারের সম্ভাবনা লুকিয়ে আছে। কারণ নিজেদের বদলানোর সবচেয়ে নিরাপদ সময় হলো তখনই, যখন আমাদের ব্যবসা এখনও ভালো চলছে।

Sources

  • Personal insights
  • Chris Croft

About the writer

Adnan Dewan

Adnan brings 12+ years of work across startups, innovation programs, and young founder development in Bangladesh. He is working with Startup Bangladesh Limited and has worked with the iDEA project, guiding startups and helping run national ecosystem programs such as Student to Startup.

Knowledge layer

Connected notes

Add evidence, a correction, or useful context. STS reviews every note before it appears; this is not a comment thread.

Loading notes…