ডেডলাইনের অপেক্ষায় থাকি কেন?

By Adnan Dewan · Oct 22, 2026, 12:47 PM

0readers
Share
ডেডলাইনের অপেক্ষায় থাকি কেন?

ধরুন, আমাদের একটা স্টার্টআপের জন্য নতুন প্রোডাক্ট আইডিয়া বের করতে হবে। হাতে সময় আছে সাত দিন। প্রথম পাঁচ দিন আমরা ভাবি, “এখনো তো অনেক সময় আছে।” ষষ্ঠ দিনে দুশ্চিন্তা শুরু হয়। সপ্তম দিনে মাথায় যা আসে, তাই নিয়ে কাজ শুরু করি। কাজটা শেষ হয়তো হয়, কিন্তু প্রশ্ন থেকে যায়, আরও আগে শুরু করলে কি আরও ভালো কিছু করা যেত না?

শেষ মুহূর্তে কাজ ভালো হয়, নাকি তখন আর বিকল্প থাকে না?

আমরা প্রায়ই বলি, চাপ না থাকলে আমাদের কাজ হয় না। ডেডলাইন যত কাছে আসে, তত দ্রুত কাজ করি। কিন্তু দ্রুত কাজ করা আর ভালো কাজ করা এক নয়। অনেক সময় শেষ মুহূর্তে কাজ শেষ হয় কারণ তখন আর দেরি করার সুযোগ থাকে না। আমরা বিকল্প খোঁজার বদলে যেটুকু পারি, সেটুকুই করি। স্টার্টআপে নতুন ফিচার তৈরি, কাস্টমার নিয়ে গবেষণা কিংবা ব্যবসার নতুন মডেল ভাবার মতো কাজে এই তাড়াহুড়া গুরুত্বপূর্ণ কিছু সুযোগ মিস করিয়ে দিতে পারে।

কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাসকে আমরা অনেক সময় দক্ষতা ভেবে বসি।

কোনো কাজের ডেডলাইন সামনে না থাকলে আমরা সেটাকে গুরুত্ব দিতে চাই না। মনে হয়, পরে করলেও হবে। অথচ কাজটা যত পিছিয়ে দিই, ততই শেষ মুহূর্তের চাপের ওপর নির্ভরশীল হয়ে পড়ি। বিশেষ করে নতুন আইডিয়া তৈরি বা কোনো জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে এই অভ্যাস আমাদের ক্ষতি করতে পারে। কারণ কাজ শুরু করলেই যে প্রথম চেষ্টায় ভালো ফল আসবে, এমন নয়। প্রথম চেষ্টা থেকে শেখা, ভুল বোঝা এবং নতুনভাবে চেষ্টা করার সুযোগও দরকার।

সব ধরনের কাজের জন্য চাপ সমানভাবে কাজ করে না।

কিছু পরিচিত ও রিপিটেটিভ কাজ আমরা চাপের মধ্যেও দ্রুত করতে পারি। কিন্তু নতুন কিছু তৈরি করতে গেলে শুধু দ্রুততা যথেষ্ট নয়। ধরুন, একটা অনলাইন ব্যবসার বিক্রি কমে গেছে। শেষ দিনে বিজ্ঞাপনের খরচ বাড়িয়ে দেওয়া সহজ সিদ্ধান্ত। কিন্তু বিক্রি কেন কমছে, কাস্টমার হারিয়ে যাচ্ছে কোথায়, কিংবা পণ্যের এক্সপেরিএন্স এ সমস্যা আছে কি না, তা বোঝার জন্য সময় নিয়ে কাজ শুরু করা দরকার। কাজের ধরন বুঝে আমাদের ঠিক করতে হবে কোথায় দ্রুততা জরুরি, আর কোথায় আগে থেকে শুরু করা বেশি গুরুত্বপূর্ণ।

নিজের ধারণা পরীক্ষা করতে ছোট একটা পরীক্ষা যথেষ্ট।

আমরা সবাই যে চাপ ছাড়া ভালো কাজ করি, তা নয়। আবার সবাই যে শেষ মুহূর্তে সবচেয়ে ভালো কাজ করি, সেটাও নয়। তাই অন্যের অভিজ্ঞতা শুনে নিজের সম্পর্কে সিদ্ধান্ত না নিয়ে পরীক্ষা করা ভালো। পরেরবার এমন একটি কাজ বেছে নিই, যেটার ডেডলাইন কয়েক দিন পরে। শেষ দিনের অপেক্ষা না করে আজই প্রথম খসড়া, প্রাথমিক গবেষণা বা ছোট্ট একটি পরীক্ষা শুরু করি। তারপর দেখি, কাজের মান, ভুলের সংখ্যা এবং নিজের অভিজ্ঞতায় কোনো পরিবর্তন আসে কি না।

আজই একটি কাজ বেছে নিই, যেটা আমরা সাধারণত শেষ মুহূর্তে শুরু করি। ডেডলাইনের অপেক্ষা না করে সেটার প্রথম ছোট পদক্ষেপ এখনই নিই। কাজটি শেষ হওয়ার পর আগের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করি। চাপের ওপর নির্ভর করব, নাকি আগে থেকে শুরু করব, সেই সিদ্ধান্ত অন্যের কথা শুনে নয়, নিজের অভিজ্ঞতা থেকেই নিই।

Sources

  • Personal Insights
  • Chris Croft

About the writer

Adnan Dewan

Adnan brings 12+ years of work across startups, innovation programs, and young founder development in Bangladesh. He is working with Startup Bangladesh Limited and has worked with the iDEA project, guiding startups and helping run national ecosystem programs such as Student to Startup.

Knowledge layer

Connected notes

Add evidence, a correction, or useful context. STS reviews every note before it appears; this is not a comment thread.

Loading notes…