সৃজনশীলতা আসলে কি? এটা কি শেখানো যায়? একে মাপার উপায় আছে কি?
By Adnan Dewan · Oct 7, 2026, 4:14 PM

ছোটবেলায় আমরা যখন যেটা মাথায় আসতো সেটা নিয়েই গভীরভাবে ভাবতাম। কত অদ্ভুত বিষয় নিয়েই না আমরা ভেবেছি। আর ভাবনাটা আবার সবার সাথে খুব আগ্রহ নিয়ে শেয়ার করতেও কার্পণ্য করিনি। মনের আনন্দে বলেছি। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে কোথাও যেন একটা ভয় তৈরি হয়। মনে হয়, “আমার আইডিয়াটা হয়তো ভালো না”, “আমি তো সৃজনশীল মানুষ নই।” আর ধীরে ধীরে আমরা নতুন কিছু ভাবার আগেই নিজের চিন্তাটাকে থামিয়ে দিই।
আমরা অনেক সময় সৃজনশীলতাকে ছবি আঁকা, গান করা, অভিনয় করা বা লেখালেখির সঙ্গে মিলিয়ে দেখি।
তাই কেউ এসব ভালো করলে তাকে সৃজনশীল বলি। কিন্তু একজন উদ্যোক্তা যখন পুরোনো সমস্যার নতুন সমাধান খুঁজে বের করেন, একজন শিক্ষক যখন একই বিষয় বোঝানোর নতুন পদ্ধতি তৈরি করেন, কিংবা একজন প্রকৌশলী যখন পরিচিত কোনো সমস্যাকে অন্যভাবে সমাধান করেন, সেখানেও তো সৃজনশীলতা আছে। অর্থাৎ, সৃজনশীলতার কোনো নির্দিষ্ট পেশা নেই।
সৃজনশীলতা আসলে নতুন ও মানুষের জীবনে ভ্যালূ তৈরি করতে পারে এমন ধারণা তৈরি করার প্রক্রিয়া।
সেই ধারণা পৃথিবীতে একেবারে নতুন হতে হবে এমন নয়। শুধু আমার কিংবা আমাদের জন্য নতুন হলেও চলবে। গুরুত্বপূর্ণ হলো, আমরা কোনো বিষয়কে একটু অন্যভাবে দেখছি এবং সেখান থেকে এমন কিছু তৈরি করছি যার বাস্তব মূল্য আছে।
আর এই কাজটা সাধারণত একবারেই নিখুঁত হয় না।
ধরুন, আমরা একটা নতুন ব্যবসার ধারণা নিয়ে কাজ শুরু করলাম। প্রথম পরিকল্পনাটা কাজ করল না। গ্রাহক অন্য একটা সমস্যা দেখাল। আমরা পরিকল্পনা বদলালাম। আবার চেষ্টা করলাম। কিছু বাদ দিলাম, কিছু যোগ করলাম। শেষ পর্যন্ত যে সমাধানটা দাঁড়াল, সেটা হয়তো প্রথম ধারণার মতো একেবারেই নয়। এই পুরো পরিবর্তনের পথটাই সৃজনশীলতার অংশ।
আমরা অনেক সময় ভাবি, সৃজনশীলতা শেখানো যায় না।
যেন কেউ জন্ম থেকেই সৃজনশীল, আর কেউ নয়। আসলে সৃজনশীলতা শেখানোর অর্থ কাউকে একটা নির্দিষ্ট নিয়ম মুখস্থ করানো নয়। বরং এমন পরিবেশ তৈরি করা, যেখানে আমরা প্রশ্ন করতে পারি, ভুল করতে পারি, অদ্ভুত ধারণা নিয়ে কথা বলতে পারি এবং একটা সাধারণ ধারণাকে অন্যভাবে দেখার সুযোগ পাই।
একজন ভালো শিক্ষক, মেন্টর কিংবা সহকর্মী এই জায়গায় বড় ভূমিকা রাখতে পারেন।
ধরুন, আমরা কোনো নতুন ব্যবসার ধারণা নিয়ে কথা বলছি। কেউ যদি সঙ্গে সঙ্গে বলে, “এটা হবে না”, তাহলে চিন্তাটা সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু যদি প্রশ্ন আসে, “কেন এটা কাজ করতে পারে?”, “কোথায় কাজ করবে না?”, “অন্যভাবে করলে কেমন হয়?” তখন আমরা শুধু একটা উত্তর খুঁজি না। আমরা নতুনভাবে চিন্তা করতে শুরু করি। সৃজনশীলতা মানে মাথায় যা আসে, সবকিছু ধরে এগিয়ে যাওয়া নয়। প্রথমে অনেকগুলো ধারণা আসতে পারে। তারপর আমাদের বিচার করতে হয় কোনটা ভালো, কোনটা বাস্তবসম্মত, কোনটা মানুষের কাজে লাগবে এবং কোনটাকে আরও উন্নত করা দরকার। একজন উদ্যোক্তা দশটা ধারণা নিয়ে বসতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত হয়তো একটি নিয়েই কাজ করবেন।
সৃজনশীলতা শুধু আইডিয়া তৈরি করা নয়।
ভালো আইডিয়াকে খুঁজে বের করা, পরীক্ষা করা এবং বারবার উন্নত করাও সৃজনশীলতার অংশ। সবচেয়ে বড় বাধাটা হয়তো আমাদের মাথার ভেতরেই। আমরা যখন বারবার নিজেদের বলি, “আমি সৃজনশীল নই”, তখন নতুন কিছু ভাবার চেষ্টাই কমে যায়। আর যখন নতুন কিছু ভাবি, সেটাকেও খুব দ্রুত বাতিল করে দিই। অন্যদিকে, আমরা যদি নিজেদের একটু সময় দিই, প্রশ্ন করি, ধারণা লিখে রাখি, ভুল করতে ভয় না পাই এবং অন্যদের সঙ্গে চিন্তা ভাগ করি, তাহলে ধীরে ধীরে আমাদের সৃজনশীলতার পেশিটাও শক্ত হতে পারে। হয়তো আমরা পৃথিবীর সবচেয়ে সৃজনশীল মানুষ হব না। সেটার প্রয়োজনও নেই।
আজ যদি আমরা গতকালের চেয়ে একটু ভালোভাবে কোনো সমস্যা দেখতে পারি, একটা নতুন প্রশ্ন করতে পারি, কিংবা এমন একটা সমাধান ভাবতে পারি যা আগে ভাবিনি, তাহলেই তো পরিবর্তন শুরু হয়েছে। তাই প্রশ্নটা হয়তো “আমরা সৃজনশীল কি না” নয়। প্রশ্নটা হলো, আমরা কি আমাদের সৃজনশীল হওয়ার যথেষ্ট সুযোগ দিচ্ছি?
Sources
- Personal insights
- Chris Croft
About the writer
Adnan brings 12+ years of work across startups, innovation programs, and young founder development in Bangladesh. He is working with Startup Bangladesh Limited and has worked with the iDEA project, guiding startups and helping run national ecosystem programs such as Student to Startup.
Knowledge layer
Connected notes
Add evidence, a correction, or useful context. STS reviews every note before it appears; this is not a comment thread.
Loading notes…
