বাংলা
CreativityInnovation

আমরা কি সৃজনশীল নই, নাকি নিজেরাই সেটা নিজেদের বিশ্বাস করিয়েছি?

By Adnan Dewan · Oct 5, 2026, 1:17 AM

0readers
Share
Add to a BlogBook
আমরা কি সৃজনশীল নই, নাকি নিজেরাই সেটা নিজেদের বিশ্বাস করিয়েছি?

ছোটবেলায় একটা শিশু ছবি আঁকতে বসে খুব একটা ভাবে না ছবিটা ভালো হচ্ছে কি না। যা মনে আসে, এঁকে ফেলে। কিন্তু একটু বড় হওয়ার পর সে হয়তো বলে, “আমি আঁকতে পারি না।” তারপর ধীরে ধীরে আর আঁকেই না।

সৃজনশীলতার ক্ষেত্রেও অনেকটা এমনই হয়। আমরা অনেক সময় ভাবি, কিছু মানুষ জন্ম থেকেই সৃজনশীল। তাদের মাথায় অদ্ভুত সুন্দর আইডিয়া আসে। আর আমাদের মাথায় আসে না। কিন্তু বাস্তবতা হয়তো এতটা সহজ নয়।

আইডিয়া আসলে কোথা থেকে আসে, সেটা আমরা পুরোপুরি জানি না। কখনও অনেক দিনের অভিজ্ঞতা থেকে হঠাৎ একটা চিন্তা মাথায় আসে। কখনও অনেকগুলো ছোট ধারণা একসঙ্গে মিশে নতুন কিছু তৈরি করে। আবার কখনও ঘণ্টার পর ঘণ্টা ভেবে কিছুই আসে না, তারপর বাসে বসে বা চায়ের দোকানে হঠাৎ সমাধানটা মাথায় চলে আসে। কখনও একটা ভালো আইডিয়া কয়েক মিনিটেই আসে। আবার কখনও দশটা খারাপ আইডিয়া বাদ দেওয়ার পর এগারো নম্বর চিন্তাটা কাজে লাগে।

সমস্যাটা অন্য জায়গায়। অনেক মানুষ নিজেরাই নিজেদের বলে বসে, “আমি সৃজনশীল না।” এই কথাটা যতবার বলা হয়, মস্তিষ্ক ততবার একটা বার্তা পায় যে নতুন কিছু ভাবার দরকার নেই। আর কোনো আইডিয়া মাথায় এলেও আমরা সেটাকে গুরুত্ব দিই না।

ধরুন, আপনার মাথায় একটা ব্যবসার ধারণা এলো। সঙ্গে সঙ্গে মনে হলো, “এটা তো বোকা আইডিয়া।” আপনি কাউকে বললেন না। লিখেও রাখলেন না। কিছুদিন পর সেটা ভুলে গেলেন। কিন্তু একই আইডিয়াকে যদি একটু অন্যভাবে দেখতেন? হয়তো সেটাই একটা ভালো প্রশ্ন তৈরি করতে পারত। হয়তো অন্য কারও সঙ্গে আলোচনা করে আরও ভালো একটা ধারণা বের হতো।

সৃজনশীলতা অনেকটা পেশির মতো। ব্যবহার করলে শক্ত হয়। নিয়মিত নতুন প্রশ্ন করলে, নতুনভাবে কোনো সমস্যাকে দেখলে, অদ্ভুত ধারণাগুলো লিখে রাখলে এবং নিজের চিন্তাকে প্রকাশ করার অভ্যাস করলে মস্তিষ্কও ধীরে ধীরে সেই কাজটায় অভ্যস্ত হয়।

একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিদিন যদি নিজের আশপাশের পাঁচটা সমস্যা লিখে রাখে, কয়েক মাস পর তার চোখে এমন অনেক সমস্যা ধরা পড়বে, যেগুলো আগে সে দেখেও দেখেনি। একজন উদ্যোক্তা যদি প্রতিদিন গ্রাহকের আচরণ লক্ষ্য করেন, প্রশ্ন করেন এবং নিজের ধারণা নিয়ে পরীক্ষা করেন, তার আইডিয়া তৈরির ক্ষমতাও ধীরে ধীরে বাড়বে।

এখানে আত্মবিশ্বাসও গুরুত্বপূর্ণ। আমরা যত বেশি নিজের আইডিয়া নিয়ে কথা বলব, তত বেশি আইডিয়া আসার সুযোগ তৈরি হবে। কারণ একটা আইডিয়া বলার পর অন্য কেউ হয়তো এমন একটা প্রশ্ন করবে, যেটা থেকে আমাদের মাথায় আরও ভালো কিছু আসবে।

তাই সৃজনশীল মানুষ হওয়া মানে প্রতিদিন অসাধারণ আইডিয়া পাওয়া নয়। বরং সাধারণ একটা চিন্তাকে তাড়াতাড়ি বাতিল না করা।

আজ থেকে চলুন একটা ছোট অভ্যাস করি। প্রতিদিন রাতে তিনটা নতুন চিন্তা লিখি। ভালো হোক, খারাপ হোক, অদ্ভুত হোক। বিচার করব না। শুধু লিখব। সপ্তাহ শেষে দেখব, কোন চিন্তাগুলো নতুন প্রশ্ন তৈরি করেছে। হয়তো প্রথম কয়েকদিন কিছুই মনে হবে না। তারপর ধীরে ধীরে মস্তিষ্ক বুঝতে শুরু করবে, আমরা তার কাছ থেকে নতুন কিছু আশা করছি।

আর তখন একটা মজার ব্যাপার ঘটতে পারে। আমরা হয়তো সৃজনশীল হয়ে উঠব না। বরং বুঝতে পারব, আমরা আসলে শুরু থেকেই সৃজনশীল ছিলাম। শুধু আমাদের মস্তিষ্ককে সেটা করার সুযোগ দিচ্ছিলাম না।

Sources

  • Personal Insights
  • Chris Croft

About the writer

Adnan Dewan

Adnan brings 12+ years of work across startups, innovation programs, and young founder development in Bangladesh. He is working with Startup Bangladesh Limited and has worked with the iDEA project, guiding startups and helping run national ecosystem programs such as Student to Startup.

Knowledge layer

Connected notes

Add evidence, a correction, or useful context. STS reviews every note before it appears; this is not a comment thread.

Loading notes…